ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ক্যাসিনোকাণ্ডে সেলিম প্রধানের মনোনয়নপত্র বাতিল

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেয়া ক্যাসিনো কান্ডে আলোচিত অনলাইন ক্যাসিনো সম্রাট খ্যাত সেলিম প্রধানের মনোনয়ন পত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমে তার মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়।নারায়ণগঞ্জ জেলা জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার  কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ জানান, সেলিম প্রধানের বিরুদ্ধে দুদকের এক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাভোগের অভিযোগ করেছেন অন্যান্য প্রার্থীরা। তবে এ বিষয়ে সেলিম প্রধানের আইনজীবী সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারেননি। ফলে অভিযোগ প্রমাণিত হওয়ায় সেলিম প্রধানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।


সেলিম প্রধানের আইনজীবী অ্যাডভোকেট মো. কামাল হোসেন বলেন, সকল প্রকার পেপারস দেওয়ার পরও মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে আমরা হাইকোর্টে আপিল করবো। আশা করি হাইকোর্টের মাধ্যমে সেলিম প্রধান মনোনয়ন ফিরে পাবেন।


জানা গেছে, দেশে ক্যাসিনো বিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী একটি বিমান থেকে নামিয়ে এনে সেলিম প্রধানকে আটক করেছিল র‌্যাব। এরপর তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে দেশি-বিদেশি মুদ্রাসহ বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়। তখন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেছিল, সেলিম প্রধান বাংলাদেশে অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়ার মূল হোতা। তিনি প্রচুর টাকা বিদেশে পাচার করেছেন। সেই সঙ্গে সেলিম প্রধানের বিরুদ্ধে ঢাকার গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা হয়। এসব মামলা বিচারাধীন রয়েছে। তবে সেলিম প্রধান জামিনে রয়েছেন।


একই সঙ্গে দুদকের এক মামলায় ২০২৩ সালের ৩০ এপ্রিল সেলিম প্রধানের সাজার রায় দিয়েছেন আদালত। অবৈধভাবে সম্পদ অর্জন ও অর্থ পাচারের দুই ধারায় ওই মামলায় সেলিম প্রধানকে চার বছর করে কারাদণ্ড দেন আদালত। যার সাজাভোগ শেষ হয়েছে। একই সঙ্গে এ সাজার বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেছেন যা শুনানির অপেক্ষায় রয়েছে।


উল্লেখ্য, রূপগঞ্জ উপজেলা নির্বাচনের তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৪ থেকে ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭-২৯ এপ্রিল, মনোনয়ন পত্র প্রত্যাহার ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে এবং ২১ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑